ইসরায়েলসহ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি

তেল আবিব, ২৫ মার্চ – ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েল এবং কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটিগুলোতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি এএফপি সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের কেন্দ্রস্থল এবং ওই অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে তরল ও কঠিন জ্বালানি চালিত সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আক্রমণকারী ড্রোন দিয়ে এই আঘাত হানা হয়।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে এক বিশেষ আলোচনায় অংশ নিয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনায় আরাঘচি স্পষ্ট করেছেন যে ইরান কোনো অস্থায়ী ব্যবস্থা নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রত্যাশা করে।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের বর্তমান অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলো এখান দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে শত্রু দেশগুলোকে এই নিরাপদ যাতায়াতের আওতার বাইরে রাখা হয়েছে। এই কথোপকথনের প্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্য করেছেন, সংঘাত বা যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সব সময় বেশি কার্যকর।
এস এম/ ২৫ মার্চ ২০২৬









