এশিয়া

বর্তমান পরিস্থিতিকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ আখ্যা দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

মস্কো, ২৫ মার্চ – বর্তমান বৈশ্বিক সংঘাতের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশও চলমান এই সংঘাতগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়ার গোরচাকভ ফান্ডের ট্রাস্টি বোর্ডের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। লাভরভের মতে লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনাবলী মূলত পশ্চিমা দেশগুলোর আধিপত্য ধরে রাখার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ। তিনি অভিযোগ করেন পশ্চিমা বিশ্বের একটি ক্ষুদ্র অংশ বিশেষ করে তাদের রাজনৈতিক এলিটরা রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে নিজেদের অবশিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ ব্যয় করে চলেছে।

আগামী অক্টোবর মাসে মস্কোতে অনুষ্ঠিতব্য রাশিয়া ও আফ্রিকা সম্মেলনের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের অবনতিতে রাশিয়া চিন্তিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর কঠোর সামরিক আগ্রাসনের অভিযোগ তুলে তিনি বলেন এমন পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে পারে। রাশিয়া ইতোমধ্যে ইরান এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর সঙ্গে এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করছে।

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আলোচনার পথকেই একমাত্র কার্যকর উপায় বলে মনে করে মস্কো। ঐক্য ও পারস্পরিক স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে সমাধানই এই অঞ্চলের জন্য সবচেয়ে উপযোগী বলে উল্লেখ করেন লাভরভ। এছাড়া কিউবাকে ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। লাভরভ জানান কিউবার ওপর বাহ্যিক চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং দেশটির নিজস্ব সার্বভৌম উন্নয়নের অধিকারকে রাশিয়া পূর্ণ সমর্থন করে। ফিলিস্তিন ইস্যুতে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন সের্গেই লাভরভ।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language