আদালত থেকে বের করার সময় সাবেক এমপি মাসুদকে পচা ডিম ও ময়লা পানি নিক্ষেপ

ঢাকা, ২৪ মার্চ – সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
তবে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। পুলিশ পাহারায় তাকে প্রিজন ভ্যানে তোলার সময় ক্ষুব্ধ এক ব্যক্তি পলিথিনে আনা ময়লা পানি তার শরীরে নিক্ষেপ করেন। একই সময় তার দিকে পচা ডিমও ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান ওই ব্যক্তি আগে থেকেই ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে দেয় এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড আবেদন করা হয়েছিল।
এ এম/ ২৪ মার্চ ২০২৬









