চট্টগ্রাম

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ার দুই যুদ্ধজাহাজ

চট্টগ্রাম, ২৪ মার্চ – চার দিনের এক শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর দুটি জাহাজ রেজকি এবং সোভারচেনি। মঙ্গলবার জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার বন্দর জেটিতে সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক এবং রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি বিশেষ প্রতিনিধিদল একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। তারা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

এই সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি তারা নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, বিভিন্ন জাহাজ এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখবেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও রাশিয়ান জাহাজ দুটি পরিদর্শন করবেন। এই গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এর ফলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সফল সফর শেষে আগামী ২৭ মার্চ রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দুটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করে ফিরে যাবে।

এ এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language