ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২, আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়া, ২৪ মার্চ – ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে দুপুর পর্যন্ত।

নিহতরা হলেন আক্তার মিয়া এবং মাওলানা হাবিবুর রহমান। জানা গেছে নিহত হাবিবুর রহমান স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গোয়ালনগর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে তার পরিচিতি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থানীয় নেতা মাওলানা রিয়াজুল করিমও তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন। জিয়াউর রহমান রহিম তালুকদার গোষ্ঠীর সদস্য এবং বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। ওই সাজার জন্য তিনি কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন। এর ফলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

এই উত্তেজনার জেরে কয়েকদিন আগেও উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আক্তার মিয়া ও হাবিবুর রহমান প্রাণ হারান। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ জানিয়েছেন পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language