জাতীয়

এপ্রিলের মধ্যে ঢাকার যানজট অনেকটা কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ – রাজধানীর যানজট নিরসনে গৃহীত স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়িত হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় ডিএমপি, দুই সিটি করপোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক, বুয়েটের বিশেষজ্ঞ এবং ডিটিসিএসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি উল্লেখ করেন, সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর ফলে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে বলে তিনি মনে করেন। পরবর্তীতে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হলে ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।

এছাড়া দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যালগুলোকে স্বয়ংক্রিয় করার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বর্তমানে সাতটি মোড়ে স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও ছয়টি মোড়ে এটি চালু হবে। পর্যায়ক্রমে রাজধানীর সবকটি অর্থাৎ প্রায় ১২০টি সিগন্যালকে এই অটোমেশনের আওতায় আনা হবে।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language