উত্তর আমেরিকা

ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশল পরিকল্পনাহীন ও এলোমেলো: জন বোল্টন

ওয়াশিংটন, ২৪ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশলকে পরিকল্পনাহীন এবং এলোমেলো বলে আখ্যায়িত করেছেন। তার মতে, ইরানে মার্কিন হামলা সুচিন্তিত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এক বছরের কিছু বেশি সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তেহরানে সরকার পরিবর্তনের দীর্ঘদিনের সমর্থক বোল্টন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেন, পরিকল্পনাহীনভাবে এগোনোর বদলে সঠিক ও সুচিন্তিত উপায়ে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

তিনি আরও জানান, এই ধরনের পরিস্থিতির জন্য মার্কিন জনগণ, কংগ্রেস কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো প্রস্তুত ছিল না। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বোল্টন সতর্ক করে বলেন, এই প্রণালি অবরোধ করলে কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা ইরান ভালোভাবে বুঝতে পেরেছে।

বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকলে হরমুজ প্রণালি বন্ধ করার প্রভাব কতটা ব্যাপক হতে পারে তার প্রমাণ এখন তাদের হাতে রয়েছে। পারমাণবিক অস্ত্র না হলেও উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানি নিয়ন্ত্রণ এখন কার্যত ইরানের ইচ্ছাধীন। ২০১৯ সালে হোয়াইট হাউস ছাড়ার পর থেকে জন বোল্টন ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। নিজের লেখা স্মৃতিকথায় তিনি সাবেক প্রেসিডেন্টকে চরম অজ্ঞ এবং দাফতরিক কাজের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেছিলেন।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language