অগ্নিকাণ্ডের পর গ্রিসে ফিরল বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

তেহরান, ২৪ মার্চ – ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ফিরে গেছে। সোমবার রণতরিটি গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে নিরাপদে পৌঁছেছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে সৌদা বে থেকে জাহাজটি প্রয়োজনীয় খাবার, জ্বালানি এবং গোলাবারুদ সংগ্রহ করেছিল।
তবে গত ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে দুজন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত ১০০টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এই যৌথ সামরিক অভিযানে ফোর্ড ছাড়াও আব্রাহাম লিংকন নামের আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি অংশ নেয়। কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ার উইং সমৃদ্ধ এই দুটি রণতরিই ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সামরিক বিশ্লেষকদের মতে, রণতরি ফোর্ডকে সরিয়ে নেওয়ার কারণে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে এখন একটি বড় ধরনের শূন্যতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









