দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, দাম বাড়বে না: মন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ – দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হওয়ার শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব তথ্য জানান। সম্প্রতি তেলের চাহিদা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় বাজারে সাময়িক সংকট দেখা দেয়।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মজুত পর্যাপ্ত থাকার পরও অতিরিক্ত তেল কিনে মজুত করার প্রবণতা থেকে জনগণকে বিরত থাকতে হবে। সাধারণ মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী তেল পাবেন, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। তিনি আরও জানান, সবাই যদি স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করেন, তবে সরবরাহ ব্যবস্থায় কোনো সমস্যা হবে না। তেলের দাম নির্ধারণের বিষয়টি এনার্জি রেগুলেটরি কমিশনের এখতিয়ারভুক্ত। তবে সরকার এখন পর্যন্ত তেলের দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









