খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ট্রাম্প

ওয়াশিংটন, ২৪ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব দ্রুতই খুলে দেওয়া হবে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ট্রাম্প আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ওপর যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ দেখতে চান তিনি। হরমুজ প্রণালি কবে নাগাদ আবার খুলে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা যদি দ্রুত এগোয় তবে এটি খুব শিগগিরই খুলে যাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে এবং তিনি ও বর্তমান বা পরবর্তী যেকোনো আয়াতুল্লাহ এর দায়িত্বে থাকবেন। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে। যুদ্ধের শুরুর দিকে চালানো হামলায় ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, সেখানকার শাসনব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবেই বড় ধরনের পরিবর্তন ঘটবে।
সপ্তাহান্তের আলোচনা সংঘাত নিরসনে আশার আলো দেখাচ্ছে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তারা এমন কিছু লোকের সঙ্গে আলোচনা করছেন যাদের তিনি খুব যুক্তিবাদী ও দৃঢ়চেতা মনে করেন। ঘনিষ্ঠ মহলের লোকজন জানেন তারা কারা এবং তারা বেশ সম্মানিত। হয়তো তাদের মধ্যেই কেউ একজন কাঙ্ক্ষিত ব্যক্তি হবেন। এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ ব্যক্তির সঙ্গে কথা হয়েছে তবে সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। তিনি জীবিত আছেন কি না সেটি তারা জানেন না।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









