লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়াল, ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত

বৈরুত, ২৪ মার্চ – লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ১ হাজার ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে রবিবার নিহতের সংখ্যা ছিল ১ হাজার ২৯ জন। এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়েছেন অন্তত ৯০ জন। তবে এই হতাহতের তথ্য স্বাধীন কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। এদিকে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের স্থল ও আকাশপথে হামলার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।
তাদের দাবি উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতেই এই অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে ফ্রান্স যুক্তরাজ্য ও জার্মানির শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননে বড় ধরনের স্থল অভিযান শুরু হলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। জাতিসংঘ জানিয়েছে চলমান এই সংঘাত লেবাননের সাধারণ মানুষের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। সংস্থাটির মতে হাসপাতাল স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্সে বারবার হামলার ঘটনা ঘটছে যা সেখানকার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতের ওপর অন্তত ৬৪টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় ৫১ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। অব্যাহত সংঘাতের কারণে বিপুলসংখ্যক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ইতোমধ্যে ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









