রাজশাহীতে তীব্র জ্বালানি সংকট, পেট্রোল পাম্পে সেনা মোতায়েনের দাবি

রাজশাহী, ২৩ মার্চ – চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে রাজশাহীতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি পুরোপুরি বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে সব পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে পাম্প মালিক সমিতি।
রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, পাম্পগুলোতে থাকা মজুত রবিবারই শেষ হয়ে গেছে। ফলে সোমবার থেকে কোনো পাম্পেই পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন এবং অনেক পাম্পে নোটিশ ঝুলিয়ে দড়ি টানিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাঘাবাড়ি ডিপোতে তাদের লরি গেলেও সাড়ে ১৩ হাজার লিটার ধারণক্ষমতার বিপরীতে মাত্র তিন হাজার লিটার তেল পাওয়া যাচ্ছে। পরিবেশকদের পর্যাপ্ত তেল দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাতে তেল এসে পৌঁছালে মঙ্গলবার থেকে পাম্পগুলোতে তা পাওয়া যেতে পারে। তেল বিক্রি শুরু হলে গ্রাহকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় জেলা প্রশাসকের কাছে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা গেলেও অনেকেই জ্বালানি না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। নগরীর সাহেব বাজার, সাগরপাড়া, শিরোইল, কোর্ট এলাকা ও তালাইমারীসহ বিভিন্ন পাম্পে শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পুঠিয়ার বানেশ্বর থেকে আসা এক মোটরসাইকেল চালক রবিউল ইসলাম জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও তিনি তেল পাননি। পবা থেকে আসা আরেক চালক সাখাওয়াত হোসেন জানান, পেট্রোলের খোঁজে বিভিন্ন পাম্প ঘুরে তার গাড়ির ট্যাঙ্কি পুরোপুরি খালি হয়ে গেছে। জ্বালানি সংকটের কারণে অনেক যানবাহন সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটেরও সৃষ্টি হয়েছে।
এনএন/ ২৩ মার্চ ২০২৬









