ক্রিকেট

নিরাপত্তা শঙ্কা কাটিয়ে পিএসএল খেলতে পাকিস্তানে মোস্তাফিজরা

পাকিস্তান, ২৩ মার্চ – বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ বা পিএসএলে অংশগ্রহণের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা মহলে আলোচনা ও উদ্বেগ ছিল। তবে সরকারের উচ্চপর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ার পরই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। বিজ্ঞপ্তিতে বিসিবি স্পষ্ট করেছে যে পিএসএলে ক্রিকেটারদের খেলার বিষয়ে তারা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়েছে।

বিশেষ করে পাকিস্তানে অবস্থানকালে খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর বিসিবি নিশ্চিত হয় যে সেখানে অংশগ্রহণকারী ক্রিকেটারদের জন্য বর্তমানে কোনো দৃশ্যমান নিরাপত্তাঝুঁকি নেই।

আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের একাদশ আসর শুরু হতে যাচ্ছে। এবারের আসরে বাংলাদেশের মোট ছয়জন ক্রিকেটার অংশ নেবেন। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে সোমবার সকালে ইতোমধ্যে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা।

দলের অপর দুই সদস্য রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য এই ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র প্রদান করেছে বিসিবি।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের কারণে নির্দিষ্ট সময়ের পর তাদের দেশে ফিরতে হবে। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language