ক্রিকেট

পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতহার আলি খান

ঢাকা, ২৩ মার্চ – আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। এই প্রতিযোগিতার জন্য সম্প্রতি ধারাভাষ্যকার ও সঞ্চালকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আন্তর্জাতিক ধারাভাষ্যকারদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান।

পিএসএলের এই আসরে ইংরেজি ধারাভাষ্য প্যানেলে আতহার আলি খান যুক্ত হবেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা এবং ডমিনিক কর্কের মতো কিংবদন্তিদের সাথে। এছাড়া এবারই প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য দেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট।

ইংরেজি প্যানেলে আরও থাকছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার গ্রিন ব্লুয়েট। অন্যদিকে পিএসএলের গত দশটি আসরে খেলোয়াড় হিসেবে অংশ নেওয়া শোয়েব মালিক এবার অবতীর্ণ হচ্ছেন নতুন ভূমিকায়। একাদশ আসরে তিনি উর্দু ভাষায় ধারাভাষ্য দেবেন। উর্দু প্যানেলে তার সঙ্গী হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক সালমান বাট এবং সানা মির। সঞ্চালক হিসেবে এবারের আসরে অভিষেক হচ্ছে নেরোলি মেডোস এবং জেস ক্রোর। তাদের পাশাপাশি নিয়মিত মুখ জয়নাব আব্বাস এবং সিকান্দার বখতও থাকছেন সঞ্চালকের ভূমিকায়।

ইংরেজি ধারাভাষ্য প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন আমির সোহেল, জেপি ডুমিনি, লিসা স্টালেকার, মার্ক বুচার, মাইকেল হেইসম্যান, নিক নাইট, বাজিদ খান এবং উরুজ মমতাজ খান।

উর্দু ধারাভাষ্য প্যানেলে আরও দায়িত্ব পালন করবেন তারিক সাঈদ, মারিনা ইকবাল, শাহ ফয়সাল এবং আয়াজ চৌধুরী।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language