ইউরোপ

ফ্রান্সের পৌর নির্বাচনে ৪ বাংলাদেশির ঐতিহাসিক জয়

প্যারিস, ২৩ মার্চ – ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশটির সাম্প্রতিক পৌর নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন ইতিহাস রচনা করেছেন। রবিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে তাদের এই বিজয় নিশ্চিত হয়।

নির্বাচনে জয়লাভ করা এই চারজন হলেন সাঁ-দেনি থেকে নাহিদুল ইসলাম, স্তা থেকে কৌশিক রাব্বানী খান, ক্রেতেই থেকে ফাহিম মোহাম্মদ এবং ইভ্রি-সুর-সেন থেকে জুবায়েদ আহমেদ। সাঁ-দেনি থেকে নির্বাচিত নাহিদুল ইসলাম বামপন্থি রাজনৈতিক দল লা ফ্রান্স ইনসুমিস সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়েছেন।

এর ফলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নতুন আশার সঞ্চার হয়েছে। অন্যদিকে স্তা শহরে কৌশিক রাব্বানী খান পুনর্নির্বাচিত হয়েছেন যা তার দীর্ঘদিনের কমিউনিটি সেবার স্বীকৃতি। ক্রেতেই শহর থেকে সোশ্যালিস্ট পার্টির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন পঁচিশ বছর বয়সী ফাহিম মোহাম্মদ। তিনি একজন সাবেক দাবা খেলোয়াড় এবং বর্তমানে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। ইভ্রি-সুর-সেন শহরে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তরুণ ক্রিকেটার জুবায়েদ আহমেদ। তিনি বামঘেঁষা ফ্রন্ট পপুলেয়ার জোটের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এবারের নির্বাচনে আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের বিজয়ের কোনো খবর পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয় বরং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক শক্তির একটি সুস্পষ্ট প্রতিফলন।

স্থানীয় পর্যায়ে এই অংশগ্রহণ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। ফ্রান্সে সরাসরি ভোটে কাউন্সিলর নির্বাচিত হন না। সেখানে মেয়র প্রার্থীর নেতৃত্বাধীন একটি পূর্ণাঙ্গ প্যানেলের পক্ষে ভোট দেওয়া হয়। পরবর্তীতে সেই তালিকা থেকে কাউন্সিলর এবং তাদের মধ্য থেকে মেয়র নির্বাচন করা হয়।

এবারের নির্বাচনে প্রায় সাতান্ন শতাংশ ভোটার ভোট দিয়েছেন যা ২০২০ সালের তুলনায় তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশি তরুণদের এই সাফল্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।

এবারের পৌর নির্বাচনে বড় শহরগুলোতে বামপন্থিরা নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও কিছু এলাকায় ডানপন্থি এবং কট্টর ডানপন্থি দলগুলোর উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। এটি ফ্রান্সের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language