ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় জরুরি কোবরা বৈঠক ডাকলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লন্ডন, ২৩ মার্চ – ইরান যুদ্ধের কারণে ব্রিটিশ অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় সোমবার একটি জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বৈঠকে অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি উপস্থিত থাকবেন। এর আগে ইরান হুঁশিয়ারি দেয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়ার অজুহাতে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করার হুমকি বাস্তবায়ন করেন তবে তারা পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় আঘাত হানবে। এই উত্তেজনার পর আর্থিক বাজারগুলো আরও একটি অস্থির সপ্তাহের মুখে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বেশ উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য। মূলত আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর অত্যধিক নির্ভরতা টানা উচ্চ মূল্যস্ফীতি এবং সরকারি কোষাগারে ঘাটতির কারণে আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশটির সরকারি বন্ডের দর বেশ দ্রুত কমছে। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে কোবরা নামের এই জরুরি বৈঠকে যুদ্ধের প্রভাবে সাধারণ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব জ্বালানি নিরাপত্তা এবং শিল্প ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডও অংশ নেবেন। অর্থমন্ত্রী র্যাচেল রিভস জানিয়েছেন যে ব্রিটিশ অর্থনীতির ওপর এই যুদ্ধের প্রভাব এখনই নিশ্চিত করে বলা কঠিন। সাধারণ মানুষের জন্য বড় ধরনের কোনো ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও তিনি আপাতত তা নাকচ করে দিয়েছেন তবে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কিছু সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









