বর্তমান জ্বালানি সংকট সত্তরের দশকের চেয়েও ভয়াবহ, সতর্ক করল আইইএ

ক্যানবেরা, ২৩ মার্চ – বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০ এর দশকের তেল সংকট এবং ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়েও বেশি ভয়াবহ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফতিহ বিরল। তিনি সতর্ক করে বলেছেন বিশ্ব অর্থনীতি বর্তমানে এক বিশাল হুমকির সম্মুখীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার ২৩ মার্চ ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় আইইএ প্রধান এই মন্তব্য করেন।
ফতিহ বিরল বর্তমান পরিস্থিতিকে দুটি বড় তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বের কোনো দেশই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। এই সংকট নিরসনে এখন বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি জানান। আইইএ প্রধান আরও জানান চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ওই অঞ্চলের অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইইএ ইতিমধ্যে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে তাদের জরুরি তেলের মজুত বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করেছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে আইইএ সদস্য দেশগুলো বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছিল। বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজন হলে আরও মজুত তেল বাজারে ছাড়তে প্রস্তুত থাকার কথাও জানান ফতিহ বিরল। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালি দিয়ে নিয়মিত সরবরাহ শুরু হওয়া সবচেয়ে জরুরি বলে তিনি জোর দেন।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









