ব্যবসা

মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

তেহরান, ২৩ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম একদিনেই ২ শতাংশের বেশি কমে গেছে। এটি গত প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন দাম। মূলত সংঘাত বৃদ্ধি, মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং বিশ্বব্যাপী সুদের হার বাড়ার প্রত্যাশায় স্বর্ণের দামে এই বড় ধস দেখা দিয়েছে। সোমবার স্পট গোল্ডের দাম আড়াই শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। এ নিয়ে টানা নবম দিনের মতো ধাতুটির দরপতন হলো। গত সপ্তাহেও স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছিল। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা প্রকট হচ্ছে।

এর ফলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো বিনিয়োগের আকর্ষণ কমে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে, এমন হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করবে। এই ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে অবস্থান করছে। বিনিয়োগকারীরা মনে করছেন এটি মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে

। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতনের কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে নিজেদের অর্থ তুলে নিচ্ছেন। ফলে স্বর্ণের বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে এই অস্থিরতা আরও বাড়তে পারে। শুধু স্বর্ণ নয়, যুদ্ধের এই নেতিবাচক প্রভাব অন্যান্য ধাতুর দামেও পড়েছে। স্পট রুপার দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে নেমেছে। এছাড়া স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৮৬৬ দশমিক ৬৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯৭ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language