মধ্যপ্রাচ্য

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

তেহরান, ২৩ মার্চ – ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই দুই ঘটনার প্রভাবে সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী রবিবার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসের সরবরাহের দাম এক দশমিক আট শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম একশ ডলার ছাড়িয়ে যায় যদিও পরে তা কিছুটা কমে আসে।

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়ায়। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মাথায় তা কিছুটা কমে ১১১ ডলারের কাছাকাছি স্থিতিশীল হয়। গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক শূন্য দুই এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ইরানকে সময়সীমা বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি উল্লেখ করেন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন যে ইরান যদি এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয় তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেবে। তিনি সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি দিয়ে হামলা শুরু করার কথাও উল্লেখ করেন।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language