মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ইরানের ৬ শর্ত ঘোষণা

তেহরান, ২৩ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ছয় দফা প্রধান শর্ত ঘোষণা করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি সম্ভব নয়।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইরান আগে থেকেই বহুমুখী প্রতিরক্ষা কৌশল নিয়ে কাজ করছে যা উচ্চমাত্রার কৌশলগত ধৈর্যের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।

লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা জানান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থা ধ্বংস করার পর ইরান বর্তমানে ইসরায়েলের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তিনি আরও জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঐতিহাসিক শিক্ষা দিতে আগ্রাসনকারীদের শাস্তি দেওয়ার নীতি অব্যাহত থাকবে। ইরানের নির্ধারিত ছয়টি প্রধান শর্তের মধ্যে রয়েছে ভবিষ্যতে পুনরায় কোনো যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা প্রদান, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করা এবং যুদ্ধের ফলে ইরানের ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া।

এছাড়া পুরো মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক কার্যক্রম ও যুদ্ধ বন্ধ করা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করা এবং ইরানবিরোধী কর্মকাণ্ডে যুক্ত নির্দিষ্ট গণমাধ্যম কর্মীদের বিচারের মুখোমুখি করে ইরানের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করাও এসব শর্তের অন্তর্ভুক্ত।

ইরান এই শর্তগুলোকে নতুন আইনি ও কৌশলগত কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করছে যা দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে তাদের দাবি।

তেহরানের এমন অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর কূটনৈতিক প্রচেষ্টা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মার্কিন ঘাঁটি বন্ধ এবং গণমাধ্যম কর্মীদের প্রত্যর্পণের মতো শর্তগুলো ওয়াশিংটন ও তাদের মিত্রদের কাছে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ নেই। এই ছয় দফা শর্ত মূলত এ অঞ্চলে ইরানের শক্তিশালী অবস্থান এবং আপসহীন নীতিরই প্রতিফলন।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language