ইদের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

ঢাকা, ২৩ মার্চ – পবিত্র ইদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আবার কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। টানা সাত দিনের ছুটির পর পরিবার ও পরিজন নিয়ে আগেভাগেই রাজধানীতে ফিরছেন তারা।
সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে গিয়ে বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ইদের ছুটি শেষে যারা কাজে যোগ দিতে ঢাকায় আসছেন তাদের অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ফিরছেন। আবার কেউ কেউ পরিবারকে গ্রামের বাড়িতে রেখে একাই কর্মস্থলে যোগ দিতে চলে এসেছেন।
ছুটি শেষ হওয়ার একদিন আগেই পরিবার নিয়ে পর্যটক এক্সপ্রেসে চড়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন আজিজুর রহমান। সকাল সোয়া আটটার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর তিনি জানান মঙ্গলবার সকাল থেকে তাকে কাজে যোগ দিতে হবে। মঙ্গলবার সকালে ঢাকা ফিরলেও হয়তো নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান করা যেত তবে তাড়াহুড়ো করে পরিবারের সদস্যদের কষ্ট হবে ভেবে তিনি একদিন আগেই চলে এসেছেন।
ইদ শুরুর আগে ঘরমুখো যাত্রীদের নিয়ে প্রায় প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছিল। কিন্তু ইদের ছুটি শেষে প্রায় প্রতিটি ট্রেনই ঢাকায় ফিরতে দেরি করছে। বিলম্বের কারণ জানতে চাইলে যাত্রীরা জানান ট্রেনগুলো শেষ স্টেশন থেকে ছেড়ে আসতেই এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরি করছে।
এদিকে স্টেশনে প্রায় প্রতিটি ট্রেন দেরিতে আসায় ওই ট্রেনে করে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্ল্যাটফর্মে তাদের এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
অন্যদিকে ইদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন ঘরমুখো যাত্রীদের ভিড়ও দেখা যায়। পরিবারের সঙ্গে ইদ করতে না পারলেও ইদের পর ফাঁকা সময়ে স্বজনদের সঙ্গে দেখা করতে বা ছুটি কাটাতে তারা নিরাপদ বাহন হিসেবে রেলপথ বেছে নিয়েছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় সকাল আটটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে তূর্ণা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও নয়টা পর্যন্ত সেটি ঢাকা ছাড়েনি। পর্যটক এক্সপ্রেস দেরিতে ফেরায় এই ট্রেনে করে কক্সবাজার যাওয়ার জন্য যাত্রীদের দুই ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়। এছাড়া কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারোসিন্ধু এবং দেওয়ানাগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টার বেশি সময় পর স্টেশন ছেড়েছে।
গত ১৭ মার্চ থেকে লম্বা ছুটি পেয়ে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হতে শুরু করেছিল। পরিবার ও পরিজনের সঙ্গে ইদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ গ্রামের বাড়িতে ছুটে যান। সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার থেকে পুনরায় সরকারি ও বেসরকারি অফিস খুলছে। এ কারণে সোমবার সকাল থেকেই রেলপথে যাত্রীদের ঢাকায় ফেরার এই চিত্র দেখা যায়। আগেভাগেই ঢাকায় ফেরায় পথে তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
এনএন/ ২৩ মার্চ ২০২৬









