মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে সাইরেন ও সতর্কতা

তেল আবিব, ২৩ মার্চ – ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। জেরুজালেম, মধ্য এবং দক্ষিণ ইসরায়েলসহ একাধিক এলাকায় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এসব অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের খবরে কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের নানা প্রান্ত থেকে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই হামলায় ইরান গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে যা থেকে অসংখ্য ছোট বোমা চারদিকে ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের অন্তত আটটি স্থানে এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক আছড়ে পড়ে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ধ্বংসযজ্ঞের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর আগে উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হলেও পরে তা তুলে নিয়ে স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়। গত রোববার থেকে ইসরায়েলের ওপর এই হামলার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর ইসরায়েল এলাকায় প্রায়ই সতর্কতা সংকেত বাজানো হচ্ছে। কারণ ওই অঞ্চলটি বর্তমানে শুধু ইরানের ক্ষেপণাস্ত্র হামলারই নয় বরং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language