মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

তেহরান, ২২ মার্চ – ইরানের দক্ষিণাঞ্চলের আকাশসীমায় একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটির সেনাবাহিনী।
রোববার ইরানের সেনাবাহিনীর ওয়েবসাইটের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এই খবর জানা গেছে। সেনাবাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় এলাকার হরমুজ দ্বীপের কাছে উড়ন্ত একটি যুদ্ধবিমান প্রথমে শনাক্ত করা হয় এবং এরপর সেটিকে অনুসরণ করা হয়।
পরবর্তীতে একটি স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিমানটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে একটি তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছিল, তারা কেন্দ্রীয় ইরানের আকাশসীমায় একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই শতাধিক শত্রু আকাশযান ট্র্যাক ও প্রতিহত করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
এসব আকাশযানের মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল, ট্যাংকার বিমান এবং উন্নত যুদ্ধবিমান রয়েছে। সংস্থাটির দাবি অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশসীমায় আরও দুটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যার মধ্যে একটি মার্কিন এফ-১৫ এবং অপরটি এফ-১৫ই।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানসহ বিভিন্ন ইরানি শহরে যৌথ হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে দাবি করা হয়েছিল।
এরপরই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
এ এম/ ২২ মার্চ ২০২৬








