ক্রিকেট

কিউইদের হারিয়ে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা, শেষ ম্যাচ অঘোষিত ফাইনাল

ওয়েলিংটন, ২২ মার্চ – নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ১৯ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সিরিজে এখন ২-২ ব্যবধানে সমতা বিরাজ করছে।

এর ফলে সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচটি উভয় দলের জন্যই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। রবিবার ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। তবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই কোনো রান না করে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার উইয়ান মুল্ডার।

প্রথম উইকেটের দ্রুত পতনের পর দলের হাল ধরেন আরেক ওপেনার টনি জর্জি এবং কনোর এস্থারহুইজেন। তারা দ্বিতীয় উইকেটে ৮১ রানের একটি কার্যকরী জুটি গড়ে তোলেন। ২১ বল খেলে ২৩ রান করে জর্জি আউট হলেও ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন কনোর। সাজঘরে ফেরার আগে তিনি ৫৭ রানের একটি চমৎকার ইনিংস খেলেন।

এছাড়া দলের হয়ে রুবেন হারমান ২৮, ডিয়ান ফরেস্টার ১৯, জেসন স্মিথ ১৯ এবং জর্জ লিন্ডে ১৪ রান করেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান। স্বাগতিক নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন একাই সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।

১৬৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫ বল খেলে ৯ রান করে আউট হন ক্যাটেন ক্লার্ক। আরেক ওপেনার টিম রবিনসন ৩২ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে ক্রিজে এসে ড্যান ক্লেভার ১৬ বলে ২৬ রানের একটি ইনিংস খেলেন।

এরপর দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিউজিল্যান্ডের অন্য ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা।

শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ১৪৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েৎজি সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এ এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language