জাতীয়

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: রেল প্রতিমন্ত্রী

কুমিল্লা, ২২ মার্চ – সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রেলগেটগুলো স্বয়ংক্রিয় করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, নতুন এই ব্যবস্থায় স্বয়ংক্রিয় সিস্টেমের পাশাপাশি গার্ডও মোতায়েন থাকবে। ট্রেন রেলগেটের কাছাকাছি পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যাবে। তাছাড়া যেসব স্থানে বর্তমানে রেলগেট রয়েছে, পর্যায়ক্রমে সেসব জায়গায় আন্ডারপাস অথবা ফ্লাইওভার নির্মাণ করা হবে বলেও প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন এবং বাসের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, দায়িত্বে অবহেলার কারণে এরই মধ্যে সংশ্লিষ্ট স্টেশন মাস্টার এবং গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ের পক্ষ থেকে দুটি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। হতাহতদের ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নিহতদের দাফন ও সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। আহতদের চিকিৎসায় সহায়তা হিসেবে ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর বাইরে রেলওয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, যাদের ঢাকায় নেওয়া প্রয়োজন তাদের দ্রুত ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করা হবে এবং আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হন।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language