জাতীয়

ঈদুল ফিতরে ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: ডিএমপি

ঢাকা, ২২ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। কোনো ধরনের বড় অপরাধমূলক ঘটনার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। রবিবার ২২ মার্চ গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার এই তথ্য জানান। তিনি বলেন রমজান মাসজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা দিনরাত অবিরাম কাজ করেছেন এবং ঈদের দিনেও এর সুফল মিলেছে। অপরাধীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভারপ্রাপ্ত এই কর্মকর্তা জানান ঈদের দিন সকালে মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে জামাত আদায় করেন।

এরপর দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র যেমন জাতীয় চিড়িয়াখানা এবং হাতিরঝিলসহ পার্কগুলোতে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সর্বত্রই একটি আনন্দঘন পরিবেশ বিরাজমান ছিল। সার্বিক নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার জানান রমজানের শুরু থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করেছেন। তিনি আরও জানান ঈদের ছুটিতে অসংখ্য মানুষ ঢাকা ছাড়ায় শহরের অনেক এলাকা এখন ফাঁকা। এই কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহ রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত দুই শতাধিক ফুট পেট্রোল দল দায়িত্ব পালন করবে।

এর পাশাপাশি আড়াইশটি পুলিশের গাড়ি এবং সত্তরটির বেশি চেকপোস্ট সার্বক্ষণিক সক্রিয় রাখা হয়েছে। ডিএমপি কমিশনার নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন যারা বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে গেছেন তারা যেন পরিচিতদের মাধ্যমে খোঁজখবর রাখেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরাগুলো সচল রাখারও তাগিদ দেন তিনি। কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে কাছের থানায় যোগাযোগ করতে অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য এবারের ঈদুল ফিতরে ঢাকা মহানগরে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মাঝে ১২১টি ঈদগাহে এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language