ইরানের আকাশে ইসরায়েলি বিমানে ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়নে তেহরানের ড্রোন স্ট্রাইক

তেহরান, ২১ মার্চ – ইরানের আকাশসীমায় ইসরায়েলি বিমানবাহিনীর অভিযান চলাকালে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
তবে ঠিক কবে বা কখন এই ঘটনা ঘটেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার সময় তাদের ক্রু সদস্যরা নির্ধারিত সুরক্ষাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
এতে বিমানটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী সফলভাবে অভিযান সম্পন্ন হয়েছে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক এবং একটি রিফুয়েলিং জেটে সফল ড্রোন হামলা চালিয়েছে।
এর ফলে ইসরায়েলি সামরিক বিমানের উড্ডয়ন কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইরানের সামরিক বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করেছে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের যৌথ এই হামলার কারণে ইসরায়েল তাদের বেশ কিছু সেনাসদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয় যে ইরানের ওপর থেকে যাবতীয় হুমকি সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তিতে এ ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।
তেল আবিব থেকে কয়েক কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষায়িত ইউনিট এবং যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
এ এম/ ২১ মার্চ ২০২৬









