মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: আতঙ্কের মাঝে ম্লান পবিত্র ঈদুল ফিতরের আনন্দ

তেহরান, ২০ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ এবং এর পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে এক যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ ও আমেজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতিনিয়ত যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চক্কর দিচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সাইরেন বেজে উঠলে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এমন ভীতিকর পরিস্থিতির মাঝেই ওই অঞ্চলে এবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র আল আকসা মসজিদেও উৎসবের চেনা রূপ নেই।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত জর্ডানের নাগরিক হাশিম আল দাওয়াজা দক্ষিণ কোরিয়ার অন্যতম দৈনিক চোসুনকে জানান, বছরের এই সময়ে রেস্তোরাঁ ও ক্যাফেগুলো উৎসবের আমেজে পরিপূর্ণ থাকে। কিন্তু এ বছর মানুষ ঘর থেকে কম বের হচ্ছে, ফলে সবকিছু নিস্তব্ধ ও আনন্দহীন হয়ে পড়েছে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। তবে যুদ্ধের কারণে নিরাপত্তা জোরদার ও ভ্রমণে কড়াকড়ির ফলে এবার মধ্যপ্রাচ্যে ছুটির আমেজ অনেকটাই ধূসর।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কনসার্ট ও বাইরের সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে। ঈদের দিন ভোরে কুয়েতের কয়েকটি তেল স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। এত শঙ্কার মাঝেও শুক্রবার বিভিন্ন দেশের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে দেখা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন। বাদশা সালমান এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে নিরাপত্তার স্বার্থে খোলা প্রাঙ্গণের বদলে এবার মসজিদের ভেতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধভাবে এতে অংশ নিয়েছেন। দেশটিতে ঈদ উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি পালিত হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান শুক্রবার ঈদের নামাজ শেষে মুসলিম বিশ্বকে ঐক্য ও সংহতির বার্তা দিয়েছেন। গুনেইসু জেলার মারকেজ মসজিদে নামাজ আদায়ের পর তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পবিত্র রমজানের পর ঈদ মুসলিম বিশ্বের জন্য পুনরুজ্জীবনের এক বড় সুযোগ।

ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করে তিনি জানান, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যার চরম মূল্য তাদের একদিন চোকাতেই হবে।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language