টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক, যানজট নেই

টাঙ্গাইল, ২০মার্চ – আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে মানুষ শেষ মুহূর্তে বাড়ি ফিরছে। ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে যানবাহনের চাপ কমে গেছে, যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। এতে ঘরমুখী মানুষ স্বস্তিতে আছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫টি যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় হয়েছে ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২শ টাকা।

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত ৫ দিনে সেতুর ওপর দিয়ে মোট ২ লাখ ৫ হাজার ২৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে মহাসড়কে যানবাহনের চাপ কমে যায়। সকাল পর্যন্ত যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করেছে। গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত যাত্রীরা চারলেন সুবিধা পাচ্ছেন, ফলে নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন। মহাসড়কে যানবাহনের চাপ নেই, সব স্বাভাবিক রয়েছে। চালক ও যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গতকাল সেতুর ওপর গাড়ি বারবার বিকল হয়েছে। এগুলো সরাতে সময় লাগায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। রাত সাড়ে ৮টার পর থেকে যানবাহনের চাপ কমে গেছে। সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলেছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশে দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কমে গেছে, এতে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। সকাল পর্যন্ত মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলেছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকলের কারণে রাত থেকে ভোর পর্যন্ত ধীর গতির সৃষ্টি হয়েছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language