উত্তর আমেরিকা

ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অবৈধ, জানাল আদালত

ওয়াশিংটন, ১৯ মার্চ – মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বন্ধ করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রিক্ট কোর্ট। একই সঙ্গে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত নিজ পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রয়েস ল্যামবারথ এই আদেশ প্রদান করেন। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক এই সম্প্রচার মাধ্যমটি পুনরায় চালুর জন্য কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর অপপ্রচারের জবাব দেওয়ার লক্ষ্যে ভয়েস অব আমেরিকা বা ভিওএ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই একটি নির্বাহী আদেশের মাধ্যমে সম্প্রচার মাধ্যমটি বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের পক্ষ থেকে এই সংবাদমাধ্যমের বিরুদ্ধে বামপন্থি পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছিল। শুধু ভয়েস অব আমেরিকা নয়, ডোনাল্ড ট্রাম্প রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়ার মতো সম্প্রচার সংস্থাগুলোকেও আইনের সীমার মধ্যে থেকে বাতিল বা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language