ইউরোপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার আহ্বান ইউরোপীয় নেতাদের

তেহরান, ১৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। এই যুদ্ধের দীর্ঘমেয়াদি বৈশ্বিক প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই এমন তাগিদ দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চলমান এই সংঘাতকে বেপরোয়া উত্তেজনা হিসেবে আখ্যায়িত করেন। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে।

তাই সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপের ওপর জোর দেন তিনি। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস জানান, কাতারে ইরানের হামলার কারণে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। উত্তেজনা না বাড়িয়ে বরং যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খোঁজা এখন সবচেয়ে বেশি জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের সঙ্গে ইউক্রেন যুদ্ধের গভীর সম্পর্ক রয়েছে এবং এর ফলে রাশিয়া লাভবান হচ্ছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে। সেখান থেকে তিনি এমন ইঙ্গিত পেয়েছেন যে যুক্তরাষ্ট্র এই সংঘাত বন্ধ করতে ইচ্ছুক। ট্রাম্পের এমন ইতিবাচক মনোভাবকে তিনি স্বাগত জানান। অন্যদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মিত্র দেশগুলো বর্তমানে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language