চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: গাছের ডাল ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী আহত

চুয়াডাঙ্গা, ১৯ মার্চ – চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল ভেঙে চাপা পড়ে আকমান আলী নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এই ঘটনায় তার স্ত্রী ৫৫ বছর বয়সী লতিফুন্নেছা গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকমান আলী উদয়পুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বুধবার রাতে ঝড়ের সময় স্বামী এবং স্ত্রী নিজেদের ঘরেই অবস্থান করছিলেন।

রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ করে একটি বড় গাছের ডাল ভেঙে তাদের ঘরের চালের ওপর আছড়ে পড়ে। এ সময় গাছের ডালের নিচে চাপা পড়ে আকমান আলীর মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর আঘাত পান। কালবৈশাখী ঝড়ের এই তাণ্ডবে এলাকার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালা ভেঙে পড়েছে।

পাশাপাশি কলা, পেঁপে এবং ভুট্টাসহ মাঠের বিভিন্ন উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই দুর্ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানিয়েছেন যে ঝড়ের সময় ঘরের চালায় গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।

এ এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language