মধ্যপ্রাচ্য

ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা, গুপ্তচরের মৃত্যুদণ্ড

তেহরান, ১৮ মার্চ – ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাত দিয়ে বুধবার আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয় তেহরানে চালানো এই হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রীকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এই হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন। তবে এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

অন্যদিকে বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির অভিযোগে কোরুশ কায়ভানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের এক যুদ্ধের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে ইরানের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং ছবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচারের গুরুতর অভিযোগ ছিল।

জানা যায় ২০২৩ সালে সুইডেনে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রথম তাকে শনাক্ত করে। পরবর্তীতে একজন মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দেন। ইউরোপের ছয়টি দেশ এবং তেল আবিবে টানা দুই বছর বিশেষ প্রশিক্ষণ শেষে তাকে গোপন অভিযানের জন্য ইরানে পাঠানো হয়েছিল।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language