ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের দিন সকাল দশটায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল দশটায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হবেন। সেখানে আনুষ্ঠানিকতার শুরুতেই তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ এবং আলেম সমাজের সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন। পাশাপাশি শিল্পী, সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ জনগণের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করবেন প্রধানমন্ত্রী। যমুনায় শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
এস এম/ ১৮ মার্চ ২০২৬








