জাতীয়

দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: কৃষিমন্ত্রী

কুমিল্লা, ১৮ মার্চ – বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি জানিয়েছেন, আগামী জুন ও জুলাই মাস পর্যন্ত দেশের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। এছাড়া বর্তমানে আমদানির চেয়ে দেশীয় উৎপাদনের হার অনেক বেশি। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সারা বিশ্বে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়লেও বাংলাদেশে খাদ্যের কোনো অভাব হবে না।

ইতিমধ্যে দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে যা কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী আরও জানান, বিদেশ থেকে আমদানি করা চালের গুণগত মান কঠোরভাবে যাচাই করার পরই তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে। এই মান যাচাইয়ের সুবিধার্থে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language