আগারগাঁওয়ে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতে ১০ হাজার মুসল্লির ব্যবস্থা, থাকছে কঠোর নিরাপত্তা

ঢাকা, ১৮ মার্চ – ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় ঈদ জামাত ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এসব কথা জানান।
তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় এই ঈদ জামাতে আগত মুসল্লিদের যেন কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয় এবং নারী ও পুরুষ উভয়ই যেন স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে ডিএনসিসি। চলতি বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার বিশাল মাঠে নগরবাসীর জন্য এই বৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ঈদের দিন সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক গণমাধ্যমকে জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে বৃষ্টি হলেও যেন নামাজ বিঘ্নিত না হয়, সেজন্য বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে। মাঠে স্টিলের কাঠামোর ওপর বিশাল শেড বা আচ্ছাদন তৈরি করা হয়েছে, ফলে প্রতিকূল আবহাওয়াতেও মুসল্লিদের নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না।
তিনি আরও জানান, এবারের ঈদ জামাতে নারীদের জন্য সম্পূর্ণ পৃথক নামাজের স্থান ও আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশাসক বলেন, প্রাথমিকভাবে দশ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। তবে মুসল্লির সংখ্যা এর চেয়েও বেশি হলে তাৎক্ষণিকভাবে তাদের স্থান সংকুলানের জন্য অতিরিক্ত ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।
বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণকে কেন্দ্র করে মাঠ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টর সংবলিত আর্চওয়ে স্থাপন করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।
এ সময় তিনি রাজধানীর সর্বস্তরের নাগরিকদের এই বৃহৎ জামাতে অংশগ্রহণ করে ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষভাবে আহ্বান জানান।
পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সিটি করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ এম/ ১৮ মার্চ ২০২৬









