মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

রিয়াদ, ১৮ মার্চ – সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা। তিনি জানান, রবিবার ইফতারের ঠিক আগে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই হামলায় মামুন গুরুতর আহত হন।

এরপর থেকে তিনি স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামুনের মামাতো ভাই শাওন মোড়ল জানান, নিহত মামুন এক পুত্রসন্তানের জনক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language