সৌদিতে আজ শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি, কাল ঈদ হওয়ার সম্ভাবনা

রিয়াদ, ১৮ মার্চ – দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র রমজান মাস বিদায় নিতে যাচ্ছে। এরপরই নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলিম বিশ্ব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। আজ বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদি আরবের নাগরিকরা। এই উপলক্ষে আজ চাঁদ দেখা কমিটির বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আর যদি চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে দেশটির মুসলমানরা আরও এক দিন রোজা পালন করবেন। এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট জনসাধারণের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছে। কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখতে পেলে দ্রুত নিকটস্থ আদালত বা সংশ্লিষ্ট দপ্তরে জানানোর জন্য বলা হয়েছে। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান হলো নবম মাস এবং শাওয়াল হলো দশম মাস। এই শাওয়াল মাসের প্রথম দিনেই পবিত্র ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে থাকে।
এস এম/ ১৮ মার্চ ২০২৬









