শিক্ষা

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, কার্যকর হবে ২০২৭ সাল থেকে

বাংলাদেশ, ১৭ মার্চ – দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মুন্না রাণী বিশ্বাস ওই আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে বলা হয়েছে যে বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। তবে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পুরোপুরি বাতিল থাকবে।

আদেশে আরও জানানো হয় যে লটারি পদ্ধতি বাতিলের পর সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন করে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে। এর ফলে ইতিপূর্বে জারি করা সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির দুটি নীতিমালা নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে লটারি পদ্ধতির পরিবর্তে মেধা যাচাই বা অন্য কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান যে শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই সরকার এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button