ঢাকাসহ সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও

ঢাকা, ১৭ মার্চ – লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।
এই জোড়া আবহাওয়া পরিস্থিতির প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের সব কটি বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়, যা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যার পরিমাণ ৪৯ মিলিমিটার।
এ এম/ ১৭ মার্চ ২০২৬








