অস্ট্রেলিয়া

মূল্যস্ফীতির শঙ্কায় সুদের হার বাড়াল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক

ক্যানবেরা, ১৭ মার্চ – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় টানা দ্বিতীয় মাসের মতো সুদের হার বাড়িয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বোর্ড মূল নগদ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে। এর ফলে সুদের হার ৩ দশমিক ৮৫ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।

এটি গত দশ মাসের মধ্যে সর্বোচ্চ হার। গত বছর ব্যাংকটি তিনটি ধাপে সুদের হার কমিয়েছিল যার দুটির প্রভাব এই বৃদ্ধির মাধ্যমে বাতিল হয়ে গেল। রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ শুরু হলো। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হওয়ায় এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে তা মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে। এছাড়া বোর্ডের মূল্যায়নে দেখা গেছে যে মূল্যস্ফীতি কিছু সময়ের জন্য লক্ষ্যমাত্রার উপরে থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি আরও ঊর্ধ্বমুখী হয়েছে বলেও জানিয়েছে ব্যাংকটি।

এস এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language