বিরোধী দল হিসেবে জনকল্যাণের উদাহরণ তৈরি করবে জামায়াতসহ ১১ দল: ডা. শফিকুর রহমান

ঢাকা, ১৭ মার্চ – বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট তার একটি অনন্য উদাহরণ তৈরি করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিতরণ করা এই খাদ্যসামগ্রী মূলত চীনের পক্ষ থেকে পাঠানো উপহার। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
বক্তব্যে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় এবং বন্ধুত্বপূর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি বলেন, এই অঞ্চলের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং সার্বিক উন্নয়নের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
এর মাধ্যমে এই অঞ্চলে স্থিতিশীলতা আসবে এবং সব ধরনের অস্থিরতা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতের বিভিন্ন সময়ে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য চীনের দেওয়া সহায়তা বেহাত হয়েছে। তবে ভবিষ্যতে চীন আরও বেশি মানুষের সাহায্যে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গে তিনি জানান, দেশের মানুষের প্রয়োজনে ও স্বার্থ রক্ষায় তার দল যেকোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এ এম/ ১৭ মার্চ ২০২৬








