ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন ভোমরা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

ভোমরা, ১৭ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ এজেন্টদের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। এর ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদের সরকারি ছুটির কারণে এ সময় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ফলে বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান। তিনি জানান, নিয়মিত প্রক্রিয়ায় যাত্রীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন। অন্যদিকে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানিয়েছেন, ঈদের ছুটির সময় বন্দর এবং কাস্টমস হাউসের জরুরি প্রশাসনিক কাজগুলো সীমিত পরিসরে চালু থাকবে।
এস এম/ ১৭ মার্চ ২০২৬








