মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৬ ফ্লাইট বাতিল

ঢাকা, ১৭ মার্চ – মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সাতটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি এবং ১৬ মার্চ ৩১টি ফ্লাইট বাতিল হয়।
সর্বশেষ ১৭ মার্চ আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের চারটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের দুটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে এলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এস এম/ ১৭ মার্চ ২০২৬








