মধ্যপ্রাচ্য

মুসলিম দেশগুলোকে ইরানের পাশে থাকার আহ্বান জানিয়ে লারিজানির খোলা চিঠি

তেহরান, ১৭ মার্চ – ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান এবং সচিব আলী লারিজানি মুসলিম বিশ্বের দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে পাশে থাকার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন।

আরবি ভাষায় লেখা চিঠিতে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে, তার একপাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অপর পাশে প্রতিরোধী শক্তি। যুক্তরাষ্ট্র কারো প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েল আপনার শত্রু। ইরান সবসময় আপনাদের প্রতি আন্তরিক এবং কখনও আধিপত্য বিস্তার করতে চায় না।”

লারিজানি আরও উল্লেখ করেছেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ধ্বংসের উদ্দেশ্যে যুদ্ধ শুরু করেছে এবং মুসলিম দেশগুলো সীমিতমাত্রায় সমর্থন দিচ্ছে। তবে এই যুদ্ধ আগ্রাসী শক্তিকে ভোগাবে, কারণ ইরানের জনগণ সহজে ছাড় দেবে না এবং শেষ পর্যন্ত লড়াই করবে।”

পরিপ্রেক্ষিতে বলা হয়, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের সংলাপ ৬-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে, তবে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ নামে যুক্তরাষ্ট্র এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। ইরান পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ ও মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language