জাতীয়

মাদকের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকলেও ছাড় নয়: তথ্যমন্ত্রী

বরিশাল, ১৭ মার্চ – মাদকের সঙ্গে যদি কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা থাকে, তবে তাকেও আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

তথ্যমন্ত্রী জানান, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। এছাড়া আসন্ন ঈদযাত্রায় সাধারণ যাত্রীদের যাতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়ে গৌরনদী মডেল ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন এবং পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাহবুবুর রহমান ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান এবং সাংবাদিক কাজী আল আমিনও সভায় তাদের বক্তব্য তুলে ধরেন।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language