শিক্ষা

স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিল, ফিরছে সাধারণ ভর্তি পরীক্ষা

ঢাকা, ১৬ মার্চ – স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি প্রথা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে আর লটারি প্রথা থাকবে না।

শিক্ষামন্ত্রীর মতে, লটারি অনেকটা জুয়া খেলার মতো এবং এটি কোনোভাবেই একটি সুষ্ঠু শিক্ষাব্যবস্থার অংশ হতে পারে না। দীর্ঘদিন ধরে ব্যাপক গবেষণা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিশদ আলোচনার মাধ্যমে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লটারির পরিবর্তে অত্যন্ত সাধারণ ও সহজ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। সেখানে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের অতিরিক্ত প্রতিযোগিতার চাপ চাপিয়ে দেওয়া হবে না। ভর্তি পদ্ধতি চূড়ান্ত করার বিষয়ে সামনের দিনগুলোতেও অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

এছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোচিং বাণিজ্য করার চেষ্টা করলে সরকার তা কঠোরভাবে দমন করবে। প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেই ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সর্বপ্রথম লটারি পদ্ধতি চালু করা হয়েছিল। পরবর্তীতে করোনা মহামারির ব্যাপক সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতেই এই লটারি পদ্ধতি বাধ্যতামূলক করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এই নিয়মের এবার চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language