শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির কঠোর নির্দেশ

ঢাকা, ১৫ মার্চ – দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, ইভটিজিং প্রতিরোধ এবং র‍্যাগ ডের নামে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে রাতে পড়াশোনায় বেশি মনোযোগী হয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নিতে বলা হয়েছে।

গত ১১ মার্চ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।

উপপরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর সঙ্গে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত তথ্যচিত্র ও থিম সং প্রচার করতে হবে। পাশাপাশি শিক্ষাঙ্গনে ইভটিজিং রোধ ও র‍্যাগ ডের নামে যেকোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নের সার্বিক অগ্রগতির তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ আওতাধীন এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে একটি সারসংক্ষেপ প্রতিবেদন জমা দিতে হবে।

ওই প্রতিবেদনে অঞ্চলভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যা, নির্দেশনা বাস্তবায়নের হার এবং বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের কারণসহ বিস্তারিত তথ্য যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language