এশিয়া

জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি মজুত থেকে তেল ছাড়ছে জাপান

টোকিও, ১৬ মার্চ – ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের জরুরি মজুত থেকে তেল ছাড়তে শুরু করেছে জাপান। সোমবার দেশটির সরকারি গেজেটে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে নিরাপত্তা ও সরবরাহ সংক্রান্ত উদ্বেগের কারণে তারা একপক্ষীয়ভাবে মজুত থেকে ৮ কোটি ব্যারেল তেল ছাড়বেন।

একই সময়ে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ঘোষণা করেছে, তারা বাজারে স্থিতিশীলতা আনতে রেকর্ড ৪০০ কোটি ব্যারেল তেলের ছাড় সমন্বয় করবে। তবে তেলের দাম গত সপ্তাহে বারবার প্রতি ব্যারেল ১০০ ডলারে ওঠানামা করেছে। বাজার বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অচলাবস্থা চলতে পারে যার ফলে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জাপান সোমবার জানিয়েছে, অন্যান্য দেশকে প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানালেও সেখানে নৌবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে বিশ্ববাজারে মূল ব্রেন্ট ক্রুডের দাম রবিবার প্রায় ৩ শতাংশ বেড়ে সোমবার সামান্য কমেছে। সোমবার সকাল ৫টা ৪৫ মিনিট জিএমটিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১০৪ দশমিক ৮৫ ডলার। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই মূল্য ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। জাপান বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। দেশটির মোট জ্বালানির প্রায় ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। এছাড়া জাপানের মজুতকৃত তেল দিয়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা ২৫৪ দিন পর্যন্ত পূরণ করা সম্ভব।

এস এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language