মধ্যপ্রাচ্য

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িক স্থগিত

সারজাহ, ১৬ মার্চ – ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিলের সাময়িক আদেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে।

এর জেরে বিমানবন্দরের বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার ব্যাপক প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট বাতিল প্রসঙ্গে বলা হয়েছে, সব যাত্রী এবং বিমানবন্দরের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্থায়ীভাবে যাবতীয় ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। এছাড়া পরবর্তী হালনাগাদ তথ্য বিভিন্ন অফিশিয়াল চ্যানেলে জানানো হবে। উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার আগে পর্যন্ত যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

এস এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language